কাতারে পর্দা উঠলো ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৬ এর, টুর্নামেন্টের উদ্বোধনী দিনে গ্রুপ পর্বের মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী দিনেই বড় অঘটনের শিকার হয়েছে আর্জেন্টিনা। অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে আসর শুরু করেছে আলবিসেলেস্তে যুবারা।
অন্যদিকে, উদ্বোধনী দিনে বড় জয় পেয়েছে মোজাম্বিক। বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচেই ডেনমার্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে আফ্রিকার দেশটি।
স্বাগতিক কাতারও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। পানামাকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে কাতার। এছাড়া, ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স ৩-১ গোলে হাইতিকে এবং দক্ষিণ কোরিয়া ৩-০ গোলে উগান্ডাকে পরাজিত করেছে। শ্বাসরুদ্ধকর ম্যাচে সৌদি আরবকে ৩-২ গোলে হারিয়েছে উরুগুয়ে।
উদ্বোধনী দিন থেকেই অ্যাস্পায়ার জোনজুড়ে ফুটবলপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতি দেখা যায়। কাতার ও পানামার ম্যাচের পাশাপাশি প্রথম দিনের বাকি সাতটি ম্যাচ ঘিরে গ্যালারিতে ছিল বাড়তি উন্মাদনা। বিভিন্ন দেশের সমর্থকদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি দর্শকদের সরব উপস্থিতি টুর্নামেন্টের শুরুর দিনটিকে আরও রঙিন করে তোলে।
