চাঁদপুরের হাজীগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোহাম্মদ সোহেল মোল্লা (৩৫) নামে এক অ্যাম্বুলেন্সচালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সোহেল মোল্লা হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি এলাকায় একজন পরিচিত ও জনপ্রিয় অ্যাম্বুলেন্সচালক হিসেবে পরিচিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন সোহেল। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা ও একদিন চিকিৎসা গ্রহণের পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোহেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের আবহ তৈরি হয়। তাঁর দীর্ঘদিনের সহকর্মী অ্যাম্বুলেন্সচালকরা জানান, একসঙ্গে পথচলা ও কাজের সুবাদে সোহেলের সঙ্গে তাঁদের গড়ে উঠেছিল আন্তরিক সম্পর্ক। তাঁর এমন আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মাঝেও গভীর শোক বিরাজ করছে।
হাজীগঞ্জের পরিচিত এই অ্যাম্বুলেন্সচালকের মৃত্যুতে এলাকায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও তাঁর সহকর্মীরা।
মহান আল্লাহ মরহুম সোহেল মোল্লাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করুন। আমিন।
