ঢাকাবৃহস্পতিবার , ৩ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ: গুলিবিদ্ধ এক, আহত পাঁচ

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৩, ২০২৪ ৬:০২ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে মেঘনা নদীতে রাতের আঁধারে বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে আরিফ উল্লাহ সরকার নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। জেলার মতলব উত্তর উপজেলার বোরোচর এলাকার মেঘনা নদীতে গতকাল মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

এদিকে গুরুতর আহত আরিফ উল্লাহ সরকার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়। সেখান থেকে পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এলাকাবাসী জানান, মেঘনা নদীর বোরোচর এলাকায় একদল দুর্বৃত্ত রাতের আধারে বালু কাটার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন দুর্বৃত্তদের বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হয়। তাঁদের হামলায় আরিফ গুলিবিদ্ধ হন। এ ছাড়া সংঘর্ষে অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গুলিবিদ্ধ আরিফের মেয়ে তানজিলা আক্তার বলেন, ‘বাবার পেটে গুলি লেগেছে। এখন কীভাবে চিকিৎসা করাব! বাবা বালু কেটে নেওয়ার খবর শুনে ঘটনাস্থলে যায়।’

চাঁদপুর সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. রফিক হাসান ফয়সাল বলেন, ‘আরিফ উল্যার শরীরের বিভিন্ন স্থানে ছররা গুলি রয়েছে। খাদ্য নালি ছিদ্র হয়ে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানতে চাইলে মোহনপুর নৌ-পুলিশের ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, ‘বিষয়টি জানা নেই। সংঘর্ষের ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে সম্প্রতি রাতের আঁধারে মেঘনা নদীতে বালু উত্তোলন চেষ্টাকালে বেশকিছু ড্রেজার জব্দ ও অর্ধশত শ্রমিক আটক করে জেলহাজতে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।