লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাঞ্চনপুর দরগাহ শরীফে আগামী ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার (১১ অগ্রহায়ণ) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৬৬৭তম বার্ষিক উরস মুবারাক।
এ উপলক্ষে দরগাহ শরীফের এন্তেজামিয়া কমিটির উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
পীরানে পীর দস্তগীর গাউছুল আজম হযরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর বংশধর হিসেবে পরিচিত হযরত সাইয়্যেদ আহমদ তান্নুরী তাওয়াক্কুলী ওরফে হযরত সাইয়্যেদ শাহ মিরান (রহ.)-এর স্মৃতিবিজড়িত এ দরগাহ শরীফ দীর্ঘদিন ধরে ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষ গুরুত্ব ও আধ্যাত্মিক আবেগের কেন্দ্র হিসেবে পরিচিত।
স্থানীয়ভাবে প্রচলিত ইতিহাস ও বর্ণনা অনুযায়ী, হযরত শাহ মিরান (রহ.)-এর ১২ জন সন্তান ছিলেন। তাঁদের বংশধরদের সঙ্গে এ দরগাহ শরীফের ঐতিহ্য ও ইতিহাস জড়িয়ে রয়েছে। দীর্ঘকাল ধরে এ দরগাহকে কেন্দ্র করে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও নানা ঐতিহ্য স্থানীয় মানুষের মধ্যে প্রচলিত রয়েছে।
দরগাহ শরীফের বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে দুটি মাজার শরীফের মাঝখানে অবস্থিত কথিত কেরামতি পুকুর, একটি ডেপ্পল গাছ, গোলাকার আকৃতির বিশেষ ধরনের বিধার, যা স্থানীয়দের কাছে ‘গোল পিঠা’ নামে পরিচিত। এ ছাড়া রয়েছে প্রাচীন বাঁশঝাড় ও বিভিন্ন ধরনের বকুল ফুল। এসব ঐতিহ্যবাহী নিদর্শনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে দীর্ঘদিনের লোকবিশ্বাস, ধর্মীয় আবেগ ও নানা প্রচলিত রীতি রয়েছে।
স্থানীয় ভক্ত-আশেকানদের বিশ্বাস ও প্রচলিত রীতি অনুযায়ী, প্রতিবছর দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ভক্ত মনের আশা, মানত ও ধর্মীয় অনুভূতি নিয়ে এ দরগাহ শরীফে আগমন করেন। কেউ কেরামতি পুকুরের পানি, কেউ বাঁশঝাড়ের অংশ, আবার কেউ বকুল ফুল ও বিভিন্ন গাছের ফল সংগ্রহ করে বাড়িতে নিয়ে যান। এসব বিষয় দরগাহ শরীফের স্থানীয় ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অংশ হিসেবে পরিচিত।
আসন্ন ৬৬৭তম বার্ষিক উরস মুবারাক উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে ভক্ত-আশেকান, মুরিদান, ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষকে যথাসময়ে উপস্থিত হয়ে উরসের ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছাড়া মাজার শরীফের নিয়ত ও মানতের টাকা-পয়সা, গরু-ছাগলসহ অন্যান্য সামগ্রী অন্য কারও হাতে না দিয়ে নিজ দায়িত্বে সরাসরি মাজার শরীফে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।
উরসের স্থান: কাঞ্চনপুর দরগাহ শরীফ, রামগঞ্জ, লক্ষ্মীপুর।
তারিখ: ২৬ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার (১১ অগ্রহায়ণ)।
আয়োজনে: এন্তেজামিয়া কমিটি, কাঞ্চনপুর দরগাহ শরীফ।
আয়োজক কমিটি দেশ-বিদেশের সকল ভক্ত-আশেকান, মুরিদান ও ধর্মপ্রাণ মানুষকে ৬৬৭তম বার্ষিক উরস মুবারাকে উপস্থিত হয়ে ধর্মীয় আয়োজনে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
