ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে মারা গেলেন চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক ফয়সাল

Chandpur Tribune
নভেম্বর ১২, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর পৌরসভার ভান্ডার রক্ষক মোহাম্মদ ফয়সাল শেখ (৪৫) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।

বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টা ৪০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন তার চাচাতো ভাই শেখ আল মামুন।

 

ফয়সাল শেখ চাঁদপুর শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদী এলাকার ডা. আব্দুল লতিফ শেখের বাড়ির বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ শেখের ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের জানাজা বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর পুরান বাজার পশ্চিম শ্রীরামদীর শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে ফয়সাল শেখকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই তাকে শহরের বেসরকারি রেইনবো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে ফয়সাল শেখের মৃত্যুতে চাঁদপুর পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।