ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জন্ম-মৃত্যু নিবন্ধনে হাইমচরে চমক দেখাল উত্তর আলগী ইউনিয়ন, শ্রেষ্ঠত্বের মুকুট তিন কৃতীর মাথায়

বিএম ফরিদ আহমেদ
অক্টোবর ১৭, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাইমচরে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে ২ নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ। সেপ্টেম্বর ২০২৬ মাসের নিবন্ধন কার্যক্রমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউপি সচিবসহ তিনটি গুরুত্বপূর্ণ সম্মাননা অর্জন করে ইউনিয়ন পরিষদটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ সাফল্যের নেপথ্যে রয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক মানিক এবং দুই গ্রাম পুলিশ সদস্য মোঃ আরিফ হোসেন খান ও মোঃ মমিন ঢালী।

জন্ম ও মৃত্যু নিবন্ধনের মাসিক লক্ষ্যমাত্রা অর্জনে হাইমচর উপজেলার শ্রেষ্ঠ ইউপি সচিব নির্বাচিত হয়েছেন মোঃ আবু বক্কর সিদ্দিক মানিক। একই কার্যক্রমে গ্রাম পুলিশ সদস্য মোঃ আরিফ হোসেন খান উপজেলা পর্যায়ে প্রথম এবং মোঃ মমিন ঢালী তৃতীয় স্থান অর্জন করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম কৃতী তিনজনের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।

একই ইউনিয়নের তিনজনের এমন সাফল্য স্থানীয় পর্যায়ে প্রশংসার পাশাপাশি আনন্দের আবহ সৃষ্টি করেছে। দায়িত্বের প্রতি নিষ্ঠা, আন্তরিকতা ও জনসেবায় নিরলস প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি সেবা। এ কার্যক্রমে লক্ষ্যমাত্রা অর্জন ও প্রতিযোগিতামূলক অবস্থানে এগিয়ে থাকা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক দক্ষতা এবং মাঠপর্যায়ের কর্মীদের সক্রিয় ভূমিকারই প্রতিফলন।

এক ইউনিয়নের তিন কৃতীর এই অর্জন প্রমাণ করেছে, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে তৃণমূল পর্যায়েও জনসেবায় শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব।

উত্তর আলগী ইউনিয়ন পরিষদের এ সাফল্য হাইমচরের অন্যান্য ইউনিয়নের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত করতে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।