চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কচুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কড়ইয়া সাকিনস্থ ফোরকানিয়া নুরানী হাফেজিয়া মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে কচুয়া থানা পুলিশ।
আটকরা হলেন—কড়ইয়া (গাজী বাড়ী) এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে আরিফ হোসেন (৩০) এবং ৯ নম্বর কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর (পহেলা গাজী বাড়ী) এলাকার সৈয়দ হোসেনের ছেলে মুরাদ হোসেন (২০)।
পুলিশ জানায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম-এর নির্দেশক্রমে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ আবু তাহের মোল্লা সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হলে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে কচুয়া থানায় এফআইআর নং-০২, তারিখ ২ অক্টোবর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, আটক আসামিদের শনিবার (৩ অক্টোবর) বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
