আসন্ন মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনে প্রচার সম্পাদক পদের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় প্রার্থী, বিশিষ্ট সাংবাদিক ও ব্যবসায়ী রেদওয়ান আহমেদ জাকির তাঁর নির্ধারিত প্রতীক ‘টেলিফোন’ মার্কায় ভোট চেয়ে মতলব বাজারের ব্যবসায়ী ও সুধীজনদের সাথে মতবিনিময় ও গণসংযোগ চালিয়েছেন।
আজ বৃহস্পতিবার (০১ অক্টোবর ২০২৬)বিকেল থেকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি মতলব বাজারের প্রধান প্রধান সড়ক, কাপড় পট্টি, পূর্ব বাজার, জুয়েলারি পট্টি, মাছ বাজার ও পূর্ব বাজার সহ বিভিন্ন অলিগলিতে ব্যবসায়ী ভাইদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং গণসংযোগ চালান। গণসংযোগকালে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির বলেন, “মতলব বাজার হলো আমাদের চাঁদপুরের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। অথচ এখানকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ব্যবসায়ীদের অধিকার আদায়, বাজারের নাইট গার্ডদের দায়িত্ব সুনিশ্চিত করা, পরিচ্ছন্ন পরিবেশ এবং একটি আধুনিক, নিরাপদ ও ব্যবসায়ী-বান্ধব বাজার গড়ে তোলাই আমার মূল অঙ্গীকার।”
তিনি আরও বলেন, “সাংবাদিকতা ও ব্যবসার সুবাদে আমি সবসময় ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ‘টেলিফোন’ মার্কা কোনো ব্যক্তি বিশেষের প্রতীক নয়, এটি মতলব বাজারের সকল মেহনতী ও ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের ন্যায়সংগত অধিকার আদায়ের কণ্ঠস্বর। আগামী নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে প্রচার সম্পাদক পদে জয়যুক্ত করলে আমি সততা ও নিষ্ঠার সাথে আপনাদের সেবা করে যাবো, ইনশাআল্লাহ।”
গণসংযোগ ও পথসভায় মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় তরুণ উদ্যোক্তা এবং সাংবাদিক জাকিরের বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। এসময় তারা মতলব বাজারের সার্বিক উন্নয়ন ও পরিবর্তন আনতে ‘টেলিফোন’ মার্কায় ভোট দিয়ে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকিরকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সর্বস্তরের ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
