ফেব্রুয়ারি এলেই যেন ভালোবাসার আবহ ছড়িয়ে পড়ে চারদিকে। বছরের নানা দিবসের ভিড়ে ভ্যালেন্টাইনস উইক আলাদা করে জায়গা করে নেয় মানুষের মনে। রোজ ডে দিয়ে শুরু হওয়া এই বিশেষ সপ্তাহ শেষ হয় ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। ভালোবাসা, আবেগ আর অনুভূতির নানা রঙে রাঙানো থাকে এই পুরো সপ্তাহ।
ভ্যালেন্টাইনস সপ্তাহে ধারাবাহিকভাবে পালিত হয় একাধিক বিশেষ দিন। ৭ ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু হয় এই আয়োজন। প্রিয় মানুষকে ভালোবাসার কথা জানানোর সবচেয়ে সহজ ও নান্দনিক মাধ্যম হলো গোলাপ। তাই এদিন লাল গোলাপ উপহার দিয়ে মনের কথা প্রকাশ করেন অনেকে।
এর পরদিন, ৮ ফেব্রুয়ারি পালিত হয় প্রপোজ ডে।
ভালোবাসার মানুষটির কাছে নিজের অনুভূতি প্রকাশ করে তাকে জীবনের সঙ্গী করে নেওয়ার প্রত্যাশার দিন এটি। ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে—মিষ্টি এই দিনে প্রিয়জনের হাতে তুলে দেওয়া হয় চকোলেটের বাক্স।
১০ ফেব্রুয়ারি বিশ্ব টেডি ডে। ছোট্ট একটি টেডি উপহার দিয়েই প্রিয় মানুষটির মুখে হাসি ফোটানো যায়। ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে, যেখানে সম্পর্কের প্রতি দায়বদ্ধতা আর বিশ্বাসের প্রতিশ্রুতি দেওয়া হয়।
১২ ফেব্রুয়ারি হাগ ডে। প্রিয় মানুষের একটুখানি আলিঙ্গনে যেমন ভালোবাসা প্রকাশ পায়, তেমনি তৈরি হয় ভরসা আর নিরাপত্তার অনুভূতি। ১৩ ফেব্রুয়ারি কিস ডে—ভালোবাসার সবচেয়ে আবেগঘন প্রকাশগুলোর একটি। আর সবশেষে, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ভালোবাসার পূর্ণতা পায় এই সপ্তাহ।
আজ ৭ ফেব্রুয়ারি, রোজ ডে দিয়েই শুরু হলো প্রেমের এই বিশেষ সপ্তাহ। অভিমান ভাঙাতে, না বলা কথা জানাতে কিংবা সম্পর্কের উষ্ণতা বাড়াতে আজ গোলাপ দিতে পারেন প্রিয়জনকে। যুগ যুগ ধরে গোলাপ ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত। এর সঙ্গে জড়িয়ে আছে প্রেম, আবেগ আর মুগ্ধতার গল্প।
ইতিহাস বলছে, ভিক্টোরিয়ান যুগে মানুষ মনের ভাব প্রকাশের জন্য গোলাপ আদান-প্রদান শুরু করেছিলেন। সময়ের সঙ্গে সেই প্রথা আরও বিস্তৃত হয়েছে। বর্তমানে গোলাপ দিবসে লাল, গোলাপি, হলুদ, সাদা, কমলা, ল্যাভেন্ডার কিংবা নীল—যে কোনো রঙের গোলাপ উপহার দেওয়া হয়। প্রতিটি রঙের গোলাপই আলাদা অনুভূতি ও বার্তা বহন করে।
গোলাপ দিবস কীভাবে শুরু হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য না থাকলেও একটি বিষয় স্পষ্ট—এই দিন দিয়েই শুরু হয় ভ্যালেন্টাইনস সপ্তাহ। আর তাই গোলাপ দিবস মানেই ভালোবাসার পথে প্রথম একটুখানি এগিয়ে যাওয়া।
