ঢাকাসোমবার , ৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব এতিম দিবস আজ

Chandpur Tribune
নভেম্বর ৯, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

আজ বিশ্ব এতিম শিশু দিবস। বিশ্বের কোটি কোটি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর অধিকার, সুরক্ষা, শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর নভেম্বর মাসের দ্বিতীয় সোমবার দিবসটি পালন করা হয়।

সোমবার (৯ নভেম্বর) এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘এতিমদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’।

 

দিবসটির মূল লক্ষ্য হলো বিশ্বজুড়ে এতিম শিশুদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তাদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গড়ে তোলা। বিশেষ করে শিশুদের শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি এতিমখানায় পুষ্টিকর খাবার, পোশাক, বই-খাতা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণে গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ও ভাষা দক্ষতা অর্জনের মতো যুগোপযোগী উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

বাংলাদেশেও এতিম শিশুদের কল্যাণে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রম রয়েছে। এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকার কাজ করে যাবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেছেন, এতিমদের দায়িত্ব সরকারের। এ দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে। এতিম ও দুস্থ মানুষের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি অনাথ ও এতিমদের জন্য কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, এতিম ও দুস্থদের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের ধনী ও বিত্তশালী ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।

এদিকে দেশের বেসরকারি এতিমখানার শিশুদের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তির সরকারি ভাতা হিসেবে ১৪০ কোটি ১১ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের পর দেশের ৬৪ জেলার ৪ হাজার ২০৯টি বেসরকারি এতিমখানার এক লাখ ১৬ হাজার ৭৫৯ এতিম শিশুর অনুকূলে এ অর্থ মঞ্জুর করা হয়েছে।

বিশ্ব এতিম শিশু দিবসের এ আয়োজনে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।