ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে বড় ইলিশ

বিএম ফরিদ আহমেদ
অক্টোবর ৪, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে ইলিশের আহরণ বাড়লেও বাজারে কমছে না ইলিশের দাম। বরং বড় আকারের ইলিশ এখন মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি প্রায় ৩ হাজার টাকা দরে। ৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম প্রায় ২ হাজার ৫০০ টাকা কেজি। ফলে ইলিশের অন্যতম প্রধান উৎপাদন এলাকা হাইমচরের মানুষও চাইলেই কম দামে বড় ইলিশ কিনতে পারছেন না।

হাইমচরের চরভৈরবী, হাইমচর বাজার, তেলির মোড়, কটাখালী, নীলকমল ও সাহেবগঞ্জসহ বিভিন্ন মাছঘাটে প্রতিদিনই জেলেদের কাছ থেকে ইলিশসহ বিভিন্ন ধরনের মাছ কেনাবেচা হচ্ছে। দাদনদাতারা জেলেদের কাছ থেকে মাছ কেনার পর পাইকাররা ডাকের মাধ্যমে এসব মাছ কিনে দেশের বিভিন্ন বাজারে পাঠিয়ে দিচ্ছেন।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, নদীতে ইলিশের উপস্থিতি বাড়লেও তুলনামূলক বড় আকারের ইলিশ স্থানীয় বাজারে খুব কমই বিক্রি হচ্ছে। বেশি দামের কারণে বড় ইলিশের বড় একটি অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বাজারে চলে যাচ্ছে। এতে হাইমচরের স্থানীয় ক্রেতারা বড় ইলিশ কেনার সুযোগ থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছেন।

হাইমচরের পাইকারি মাছ ব্যবসায়ী শহিদ বলেন, “একটু বড় সাইজের ইলিশ হাইমচরে খুব কমই বিক্রি হয়। বড় ইলিশের দাম বেশি হওয়ায় এসব মাছ ঢাকাসহ বিভিন্ন জেলার বাজারে চলে যায়। এ কারণে স্থানীয় মানুষের জন্য কম দামে বড় ইলিশ পাওয়া কঠিন।”

এদিকে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণসহ সংশ্লিষ্ট কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকবে। নিষেধাজ্ঞার আগে বাজারে ইলিশের সরবরাহ ও দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে নানা আলোচনা।

স্থানীয় ক্রেতারা বলছেন, ইলিশের আহরণ বাড়লেও উৎপাদন এলাকার সাধারণ মানুষ যদি এর সুফল না পান, তাহলে বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে হবে। তাদের দাবি, বাজারব্যবস্থায় নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাজারে ইলিশের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

ইলিশের উৎপাদন বাড়লেও দাম কমছে না—বরং বড় ইলিশ চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলার বাজারে। ফলে হাইমচরের সাধারণ ক্রেতাদের প্রশ্ন, উৎপাদন এলাকার মানুষই যদি ইলিশের স্বাদ নিতে না পারেন, তাহলে এই প্রাচুর্যের সুফল পাচ্ছে কারা?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।