ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাইমচর কেবিএন উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষকের বিদায়ী সংবর্ধনা ঘিরে মতবিনিময় সভা

বিএম ফরিদ আহমেদ
অক্টোবর ৪, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাইমচর উপজেলার কেবিএন উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক লিয়াকত আলী ও সৈয়দ আহম্মেদ স্যারের বিদায়ী সংবর্ধনা আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রমের পাশাপাশি সাবেক শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বৃহৎ পূর্ণমিলনী আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবিএন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও হাইমচর উপজেলা বিএনপির সেক্রেটারি মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী। এছাড়া বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান , সাবেক আওয়ামী যুবলিগের উপজেলা সভাপতি আতিক পাটওয়ারি, প্রধান শিক্ষক বিশ্বজিৎ নাথ, শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য, সাবেক শিক্ষক ও বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয়জীবনের স্মৃতিচারণ করেন এবং দীর্ঘ শিক্ষকতা জীবনে লিয়াকত আলী ও সৈয়দ আহম্মেদ স্যারের অবদানের কথা তুলে ধরেন। দুই শিক্ষকের বিদায়ী সংবর্ধনা আরও সুন্দর ও স্মরণীয় করে তুলতে বিভিন্ন মতামত দেন তারা।

এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সময়ে অবসর নেওয়া বা বিদায় নেওয়া শিক্ষকদেরও ভবিষ্যতে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা বলা হয়। একই সঙ্গে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃহৎ পূর্ণমিলনী আয়োজনের প্রস্তাব উঠে আসে।

আলোচনা শেষে আগামী ১৪ নভেম্বর শনিবার দুই শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। জানা গেছে, আগামী ১৪ অক্টোবর লিয়াকত আলী ও সৈয়দ আহম্মেদ স্যারের শেষ কর্মদিবস।

আয়োজকদের প্রত্যাশা, বিদায়ী সংবর্ধনাটি শুধু দুই শিক্ষকের বিদায় অনুষ্ঠান নয়, বরং কেবিএন উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি স্মরণীয় মিলনমেলায় পরিণত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।