কুমিল্লা-চাঁদপুর সড়কে আইদি পরিবহনের একটি বাসে সন্তান জন্ম দিয়েছেন এক নারী। বাসের যাত্রী, চালক ও বাসকর্মীদের সহযোগিতায় বাসেই প্রসব সম্পন্ন হয়। এ ঘটনায় বাসের যাত্রীদের মাঝে আনন্দ ও আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চাঁদপুরের ওয়্যারলেস এলাকা থেকে স্বামী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে আইদি পরিবহনের একটি বাসে উঠেন ওই নারী। জগৎপুর বাজার অতিক্রম করার পর তার স্বামী বাসচালকের কাছে সামনে কোনো হাসপাতাল আছে কি না জানতে চান। চালক মুদাফরগঞ্জ বাজারে হাসপাতাল থাকার কথা জানান।
পরে মুদাফরগঞ্জ বাজার পার হয়ে বাসটি বিজরা বাজারের কাছাকাছি পৌঁছালে ওই নারীর স্বামী বাস থামানোর জন্য চালককে অনুরোধ করেন। তিনি জানান, তার স্ত্রীর শারীরিক অবস্থা খারাপ এবং প্রসবের সময় হয়ে এসেছে। একপর্যায়ে বাসের যাত্রীদের মধ্যেও বিষয়টি নিয়ে উদ্বেগ দেখে বাসের এক যাত্রী এগিয়ে গিয়ে পরিস্থিতি বুঝতে পারেন এবং দ্রুত বাসটি বিজরা বাজারে থামানোর ব্যবস্থা করেন। এরপর স্থানীয় একটি হাসপাতালের নার্সদের বাসে ডেকে আনা হয়।
চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে প্রসবের অবস্থা এমন পর্যায়ে ছিল যে, ওই নারীকে বাস থেকে নামানো কিংবা স্থানান্তর করা সম্ভব হচ্ছিল না।
এদিকে বাসের চালক ও স্টাফদেরও নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর তাড়া থাকলেও যাত্রীদের অনুরোধে তারা অপেক্ষা করেন। বাসের অন্য যাত্রীরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। একপর্যায়ে বাসেই ওই নারী একটি ছেলে সন্তানের জন্ম দেন।
শিশুটির জন্মের পর বাসের যাত্রীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। অনেকেই নবজাতককে দেখে খুশি হন এবং স্মরণীয় মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন।
পরবর্তীতে আইদি পরিবহনের পক্ষ থেকে অন্য একটি বাসে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
