অনলাইন জুয়ায় আসক্ত হয়ে আর্থিক সংকটে পড়েছিল ১৬ বছর বয়সী এক কিশোর। সেই ঋণের টাকা জোগাড় করতে নিজের ৬৫ বছর বয়সী নানীকে হত্যার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে সে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর মডেল থানাধীন জেএম সেনগুপ্ত রোডের জোড় পুকুরপাড় এলাকার একটি বাসায় ৬৫ বছর বয়সী বৃদ্ধা লুৎফুন নাহারকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে নাহিদা আক্তার বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তভার গ্রহণের পর তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) আলাউদ্দিন রিকাবদার তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় হত্যাকাণ্ডে জড়িত কিশোরকে শনাক্ত করেন। পরবর্তীতে গত ২২ নভেম্বর বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে জোড় পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরটি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্য অনুযায়ী, অনলাইন জুয়া খেলতে গিয়ে ঋণ ও আর্থিক সংকটে পড়ে সে। সেই টাকা পরিশোধের উদ্দেশ্যেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে বলে জানায় সে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সুযোগ বুঝে বাড়িতে প্রবেশ করে বৃদ্ধাকে হত্যা করে তার ব্যবহৃত স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত কিশোর।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের সাততলা ভবনের টয়লেটের পাইপের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। এছাড়া চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাহপুর এলাকায় নিহতের বাড়ির শয়নকক্ষের স্টিলের আলমারির নিচ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তারের পর কিশোরকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।
চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, অভিযুক্তকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।
