শরীয়তপুর-চাঁদপুর নৌরুটের পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে ফেরি ও বাল্কহেডের সংঘর্ষে ১১ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক শিশু।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত আরেক শিশুকে স্পিডবোটযোগে চাঁদপুরের হাসপাতালে পাঠানো হয়েছে।
বিআইডব্লিউটিসি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাকলি নামের ফেরি চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশে ছেড়ে আসে। মেঘনা নদীর মূল অংশ পেরিয়ে সকাল ৯টার দিকে শরীয়তপুরের বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা কয়েকজন যাত্রী ভারসাম্য হারিয়ে পড়ে যান। এসময় ১১ বছর বয়সী এক শিশু ফেরিতে থাকা একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। আহত হয় আরো এক শিশু।
এদিকে, সংঘর্ষের পর বাল্কহেডটি নিয়ে পালিয়ে যাওয়ায় সেটি ও সুকানিকে শনাক্ত করে আটক করতে অভিযান চালাচ্ছে নৌ পুলিশ।
বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, “ফেরিটি চ্যানেলে প্রবেশের মুহূর্তে পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।”
