ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে দৈনিক কালের সমাজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. নাঈম হোসেন পলোয়ান
নভেম্বর ১২, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাহসী সাংবাদিকতা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার প্রত্যয় নিয়ে দৈনিক কালের সমাজ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাঁদপুরের ফরিদগঞ্জ টাইমস কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

পত্রিকাটির ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ ইয়াছিন হোসেন পলোয়ানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম ফরহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদগঞ্জ লেখক ফোরামের সাধারণ সম্পাদক তারেক রহমান তারু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মুহাম্মদ মাসুম বিল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ভূঁইয়া, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ও প্রেসক্লাবের সহসভাপতি অধ্যাপক মোঃ মহিউদ্দিন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন পাটোয়ারী এবং ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন মিজি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর শাহ্ মুহাম্মদ মাসুম বিল্লাহ্ বলেন, “গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদপত্র সমাজের নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি উন্নয়ন, জনসচেতনতা সৃষ্টি ও ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু নেতিবাচক সংবাদ প্রকাশ করলে জনমনে প্রশ্ন তৈরি হয়—এ উপজেলায় কি কোনো ইতিবাচক কর্মকাণ্ড বা উন্নয়ন হচ্ছে না? তাই নেতিবাচক সংবাদের পাশাপাশি এলাকার উন্নয়ন ও সম্ভাবনার বিষয়গুলোও গণমাধ্যমে তুলে ধরা প্রয়োজন।”

তিনি দৈনিক কালের সমাজের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও জনকল্যাণমুখী সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি আগামী দিনেও পাঠকের আস্থা অর্জন করে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদী।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, একটি সংবাদপত্রের সাফল্য শুধু নিয়মিত প্রকাশনার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনমানুষের কথা তুলে ধরা এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার মধ্যেই এর প্রকৃত সার্থকতা নিহিত। দৈনিক কালের সমাজ তার সংবাদ পরিবেশনা ও সমসাময়িক বিষয় তুলে ধরার মাধ্যমে পাঠকমহলে নিজস্ব অবস্থান তৈরি করেছে। ভবিষ্যতেও পত্রিকাটি সাহসী, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য কে. এম. নজরুল ইসলাম, হরিজন সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও তরুণ রাজনীতিবিদ মোঃ পারভেজ হোসেন পলোয়ানসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা দৈনিক কালের সমাজের আট বছরের পথচলায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি দেশ, জাতি ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মাধ্যমে পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে উপস্থিত অতিথিদের মধ্যে নাশতা পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।