ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

‘স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ’ ঘোষণা দিয়ে মাইকিংয়ের হুঁশিয়ারি জাবেরের

Chandpur Tribune
অক্টোবর ২৯, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

 

দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর নীরব ভূমিকার সমালোচনা করে ‘স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন’—এমন ঘোষণা দিয়ে আগামীকাল দেশের প্রতিটি এলাকায় মাইকিং করার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির মিছিল ও সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে আব্দুল্লাহ আল জাবের বলেন, দেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব রয়েছেন। তাঁর দায়িত্ব পালন ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জাবের বলেন, আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হয়েছেন বলে দেশের প্রতিটি এলাকায় মাইকিং করা হতে পারে।

কর্মসূচিতে ওসমান হাদী হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবি জানানো হয়।

গণভোটের প্রসঙ্গ তুলে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু বর্তমানে গণভোটের বিপক্ষে অবস্থান নেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। জনগণ গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের রায় পছন্দ হোক বা না হোক, তা বাস্তবায়ন করতে হবে।

‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হাজীগঞ্জ বাজার থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি দোয়াভাঙ্গা, মহামায়া, বাবুরহাট ও ওয়ারলেস বাজার প্রদক্ষিণ করে। পরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ও শহীদ মিনার চত্বরেও মিছিল করেন তাঁরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ‘বাংলাদেশের আজাদি, উসমান হাদী’, ‘তুমি কে, আমি কে—হাদী, হাদী’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন ভারতে’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচি থেকে বক্তারা আলোচিত হত্যাকাণ্ডগুলোর বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।