ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

Chandpur Tribune
অক্টোবর ২৮, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে নিয়মিত মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে বুধবার (২৮ অক্টোবর) উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে দুর্গাপূজায় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার, পুলিশ প্রশাসন, আনসার সদস্যসহ প্রশাসনের বিভিন্ন টিমের তৎপরতায় সফল সমাপ্তি হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন তাঁর বক্তব্যে বলেন, ভূমি সেবায় কেউ হয়রানির শিকার হলে সরাসরি আমার কাছে চলে আসবেন। আমি তাৎক্ষণিক সমাধান করে দেব। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ অবহিত করলে ঘটনাস্থলে পৌঁছে মোবাইল কোর্ট পরিচালনা করবো। আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, চলতি মাসের ৬ তারিখ আমি যোগদান করেছি। যোগদানের পর থেকে গতকাল পর্যন্ত মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে হাজীগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে ২৫০ জন কিশোরকে আটক করে থানায় নিয়ে আসি এবং মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছি। তিনি আরও বলেন, পারিবারিক সচেতনতার মাধ্যমে মাদক ও কিশোর গ্যাং রোধ করা সম্ভব। আর প্রয়োজন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও সচেতন মহলের সহযোগিতা।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব মো. মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহাম্মেদ তাদের বক্তব্যে বলেন, অনেক মাদকসেবীকে আটক করে থানায় আনলে তারা চ্যালেঞ্জ করে বলে মাদক সেবন করে না। এক্ষেত্রে হাজীগঞ্জে ডোপ টেস্ট চালুর জন্য প্রস্তাব করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ও সদস্য সচিব মো. এম এ রহিম পাটওয়ারী তাদের বক্তব্যে বলেন, ডিসেম্বর মাসে নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে যে প্রোপাগান্ডা রয়েছে, তাকে ঘিরে হাজীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতার পরিকল্পনায় ফেসবুক পোস্টসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সে বিষয়ে কঠোর নজরদারির জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

এছাড়া বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এএসএম কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পু মাহমুদ, চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ও মো. মজিবুর রহমান প্রমুখ।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আমিসহ প্রশাসনের সকল বিভাগ তৎপর রয়েছে। মাদকসেবীদের ডোপ টেস্টের বিষয়ে তিনি বলেন, বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চালু রয়েছে। হাজীগঞ্জে ডোপ টেস্ট চালুর বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব।

সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক প্রতিনিধি ও অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।