ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে কলকাতায় ছাত্রদের মহামিছিল, উত্তাল ধর্মতলা

শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ
জুলাই ২৫, ২০২৬ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

দিল্লিতে ছাত্রদের ওপর পুলিশের কথিত নির্যাতারের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুক্রবার (২৪ জুলাই) কলকাতায় বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠন ও ছাত্রসমাজ।

দুপুর আড়াইটার দিকে শিয়ালদা থেকে শুরু হওয়া মিছিলটি ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয়। আয়োজকদের দাবি, কয়েক হাজার ছাত্র-ছাত্রী ও যুবক-যুবতী ব্যানার, পোস্টার, দলীয় পতাকা এবং বিভিন্ন মনীষীর প্রতিকৃতি নিয়ে এতে অংশ নেন। মিছিল ধর্মতলায় পৌঁছালে ডরিনা ক্রসিং, লেনিন মূর্তি এলাকা, মেট্রো সিনেমা চত্বর এবং এস.এন. ব্যানার্জি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

মিছিলকে কেন্দ্র করে ধর্মতলা এলাকায় আগে থেকেই কলকাতা পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও জলকামানসহ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়। তবে বিক্ষোভকারীরা ব্যারিকেড অতিক্রম করে নির্ধারিত এলাকায় অবস্থান নেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যরা সরে দাঁড়ায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কর্মসূচি চলাকালে আয়োজকদের পক্ষ থেকে মাইকে বারবার শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া এবং সহপাঠীদের সঙ্গে থাকার নির্দেশনা দেওয়া হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্লাস বয়কট করে আন্দোলনে যোগ দেওয়ারও আহ্বান জানানো হয়।

বিক্ষোভকারীদের দাবির মধ্যে ছিল—দিল্লিতে ছাত্রদের ওপর পুলিশের অভিযুক্ত আচরণের বিচার, সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শাস্তি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) বাতিল।

মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন এবং ব্যানার-পোস্টারের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন। সন্ধ্যা পর্যন্ত ধর্মতলা এলাকায় বিক্ষোভ অব্যাহত থাকে। অংশগ্রহণকারী অনেকেই পুরো কর্মসূচি মোবাইল ফোনে ধারণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।