চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির (ইংরেজি ভার্সন) শিক্ষার্থী এম. এ. সায়েম প্রিয়ন্ত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইনভেনশন অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন এবং ইনোভেশন ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় প্লাটিনাম অ্যাওয়ার্ড (স্বর্ণপদক) অর্জন করেছে।
শনিবার (৬ জুন) সকালে জাকার্তার ইউনিভার্সিটি নেগেরি মিলনায়তনে ভাইস রেক্টর (কোঅপারেশন অ্যান্ড বিজনেস) ড. অ্যন্ডি হাদিয়ান্তো প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করেন।
এর আগে ৪ ও ৫ জুন, বৃহস্পতি ও শুক্রবার, ১৭টি দেশের ৪৭০টি দলের অংশগ্রহণে দুই দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর মধ্যে শীর্ষ অবস্থানে থাকা বিভিন্ন উদ্ভাবনী বৈজ্ঞানিক প্রকল্প থেকে ৩০টি দলকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।
স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সচেতন মহল মনে করছেন, এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনী গবেষণায় আরও উৎসাহিত করবে।
মতলবের এই মেধাবী শিক্ষার্থীর সাফল্যে গর্বিত চাঁদপুরবাসী।
তারা আশা করছেন, এম. এ. সায়েম প্রিয়ন্ত ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য অর্জন করে বাংলাদেশকে বিশ্বদরবারে আরও উজ্জ্বলভাবে উপস্থাপন করবে। এই অর্জন চাঁদপুর জেলা তথা সমগ্র বাংলাদেশের জন্য এক অনন্য গৌরবের বিষয়।
শিক্ষার্থী প্রিয়ন্তের বাবা মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজের শিক্ষক মো. ওমর ফারুক অভি এবং মা মতলব দক্ষিণ উপজেলার পশ্চিম নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমা আক্তার সন্তানের সাফল্যে আনন্দিত ও উচ্ছ্বসিত। তাঁরা সবার কাছে দোয়া চেয়েছেন এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা জাপানপ্রবাসী বেলায়েত হোসেন জুলহাস এবং অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল বলেন, কেএফটি কলেজিয়েট স্কুল শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সৃজনশীল কর্মকাণ্ডে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে। প্রিয়ন্তের এই অর্জনে আমরা আনন্দিত। সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে নিবিড় প্রশিক্ষণের কার্যক্রম অব্যাহত থাকবে।
