ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
ডিসেম্বর ১৮, ২০২৫ ৩:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে রিয়াদে ১৫ থেকে ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক প্রদর্শনী ‘মেড ইন সৌদি ২০২৫’। রিয়াদ আন্তর্জাতিক কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন সৌদি শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল-খোরাইফ।

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী বলেন, ‘মেড ইন সৌদি’ কর্মসূচি সৌদি শিল্পখাতের একটি জাতীয় সাফল্যে পরিণত হয়েছে। বর্তমানে সৌদি-নির্মিত পণ্য বিশ্বের ১৮০টি দেশে রপ্তানি হচ্ছে। তিনি জানান, ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে ২০২১ সালে চালু হওয়া এ কর্মসূচির মাধ্যমে সৌদি পণ্যের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রদর্শনীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সৌদি রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সিল্ক ইউনাইটেড (দ্য এক্সপোর্ট হাউস) এবং বাংলাদেশি মালিকানাধীন ডিউনডেল্টা ট্রেডিং অ্যান্ড মার্কেটিং-এর মধ্যে একটি বাণিজ্যিক প্রতিনিধিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন সিল্ক ইউনাইটেড-এর সিইও মুসায়াদ বিন মনসুর আল-হালওয়ান এবং ডিউনডেল্টা-এর সিইও বাকি বিল্লাহ আল মাদানী।
চুক্তি সম্পর্কে বাকি বিল্লাহ আল মাদানী বলেন, এই অংশীদারিত্ব সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে নিরাপদ ও সরাসরি বাণিজ্যিক সেতুবন্ধন তৈরি করবে। পাশাপাশি আমদানিকারকদের জন্য ‘ওয়ান-স্টপ শপ’ সুবিধা নিশ্চিত হবে, যা ব্যবসায়িক কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা, রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মাহবুবুর রহমান, পাশাপাশি প্রবাসী ব্যবসায়ী ও সৌদি বাণিজ্য প্রতিনিধিরা।

আয়োজকদের মতে, মেড ইন সৌদি ২০২৫ এমন একটি মঞ্চ যেখানে সৌদি আরবের শিল্পখাতের উচ্চাকাঙ্ক্ষা ও ভিশন ২০৩০-এর কৌশল বাস্তব ব্যবসায়িক প্রতিযোগিতার শক্তিতে রূপ নিয়েছে। এটি সৌদি সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা একটি সার্বভৌম বাজার, যেখানে সৌদি-নির্মিত পণ্যের বৈচিত্র্য, চতুর্থ শিল্পবিপ্লবভিত্তিক উদ্ভাবন এবং শক্তিশালী রাষ্ট্রীয় রপ্তানি সক্ষমতা বিশ্ববাজারের সামনে তুলে ধরা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।