সিলেট অঞ্চল এই ফল্ট লাইনের একেবারে কাছে থাকায়, ভূমিকম্পের তীব্রতা অত্যন্ত বেশি হবে। স্থানীয় বিশেষজ্ঞরাও বলছেন, এ অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্প হলে সিলেট নগরীর অর্ধেকের বেশি বহুতল ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পুরাতন ও বর্ধিত সীমানা মিলিয়ে বর্তমানে মোট বহুতল ভবনের সংখ্যা প্রায় ৭০ হাজার।
নগরীতে বসবাস করা ৬ লক্ষাধিক মানুষের ৬০ শতাংশই বহুতল বা আধা-বহুতল ভবনে ঝুঁকিপূর্ণ কাঠামোর ভেতরে বাস করেন। শাবিপ্রবির প্রকৌশলীদের জরিপ ও গবেষণা থেকে জানা গেছে, নগরীর ৬০ থেকে ৬৫ শতাংশ বহুতল ভবনই বিল্ডিং কোড মানদণ্ড উপেক্ষা করে নির্মিত। ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে এসব ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে।
শাবির অধ্যাপক ড. মুশতাক আহমদ বলেন, নকশা ও নির্মাণে দুই দফায় অবহেলার কারণে বহুতল ভবনের সহনীয়তা দুই ধাপে কমে আসে। জানা গেছে, সিসিক কর্তৃপক্ষ অতি ঝুঁকিপূর্ণ ২৩টি ভবনের মধ্যে ৪টি ভবন ভাঙলেও বাকিগুলো এখনও বহাল তবিয়তে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপপরিচালক শফিকুল ইসলাম বলেন, সিলেটের রাস্তা এমনিতেই খুব সরু, ফলে যে কোনো বড় ধরনের ডিজাস্টারে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হবে।
