প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ভূমিকম্পের ডেঞ্জার জোন সিলেট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫
ভূমিকম্পে দেশের সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা সিজমিক জোন-৪ এর কেন্দ্রবিন্দুতে সিলেট মহানগরী। বিশেষজ্ঞদের দাবি, যে কোনো সময় আঘাত হানতে পারে বড় মাত্রার ভূমিকম্প। আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরির গবেষক এবং বিশ্বখ্যাত ভূ-তত্ত্ববিদ ও সিসমোলজিস্ট ড. জেমস বার্গম্যান ও ড. মাইকেল স্টার্ন দাবি করছেন, ডাউকি ফল্ট একটি বৃহৎ বিপরীত চ্যুতি। যা বেঙ্গল বেসিনের দক্ষিণে অবস্থিত এবং শিলং মালভূমিকে উপরের দিকে ঠেলে তুলছে।

সিলেট অঞ্চল এই ফল্ট লাইনের একেবারে কাছে থাকায়, ভূমিকম্পের তীব্রতা অত্যন্ত বেশি হবে। স্থানীয় বিশেষজ্ঞরাও বলছেন, এ অঞ্চলে ৭ মাত্রার ভূমিকম্প হলে সিলেট নগরীর অর্ধেকের বেশি বহুতল ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) পুরাতন ও বর্ধিত সীমানা মিলিয়ে বর্তমানে মোট বহুতল ভবনের সংখ্যা প্রায় ৭০ হাজার।

নগরীতে বসবাস করা ৬ লক্ষাধিক মানুষের ৬০ শতাংশই বহুতল বা আধা-বহুতল ভবনে ঝুঁকিপূর্ণ কাঠামোর ভেতরে বাস করেন। শাবিপ্রবির প্রকৌশলীদের জরিপ ও গবেষণা থেকে জানা গেছে, নগরীর ৬০ থেকে ৬৫ শতাংশ বহুতল ভবনই বিল্ডিং কোড মানদণ্ড উপেক্ষা করে নির্মিত। ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে এসব ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

শাবির অধ্যাপক ড. মুশতাক আহমদ বলেন, নকশা ও নির্মাণে দুই দফায় অবহেলার কারণে বহুতল ভবনের সহনীয়তা দুই ধাপে কমে আসে। জানা গেছে, সিসিক কর্তৃপক্ষ অতি ঝুঁকিপূর্ণ ২৩টি ভবনের মধ্যে ৪টি ভবন ভাঙলেও বাকিগুলো এখনও বহাল তবিয়তে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপপরিচালক শফিকুল ইসলাম বলেন, সিলেটের রাস্তা এমনিতেই খুব সরু, ফলে যে কোনো বড় ধরনের ডিজাস্টারে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন