চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি নিজ উপজেলার উজানি মাদরাসায় মরহুম ক্বারী ইব্রাহীম (র.)-এর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এ সময় শত শত নেতাকর্মী তাকে স্বাগত জানান।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মনোনয়ন পেয়েছেন ড. জালাল উদ্দিন। তিনি মতলবে পৌঁছালে নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ। তিনি দুপুরে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় এসে বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন। তার আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। হারুনুর রশিদও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মমিনুল হক। তিনি বর্তমানে দেশের বাইরে আছেন, তবে তার মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই অনুসারী নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়।
এদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলাটির পাঁচ আসনেই কয়েক মাস আগে প্রার্থী ঘোষণা করেছে। ওই দুই দলের প্রার্থীরা ইতোমধ্যে মাঠপর্যায়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তবে বিএনপির প্রার্থী ঘোষণার পর পুরো চাঁদপুরজুড়ে এখন নতুন করে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।
