প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে নির্বাচনী আমেজ, উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ নভেম্বর, ২০২৫
চাঁদপুরের পাঁচ সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর জেলায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে। দীর্ঘদিন পর নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে মাঠে নেমেছেন। প্রার্থীরা এলাকায় আসার পর নতুন করে শুরু হয়েছে প্রচারণা, চলছে নানা কর্মসূচি।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি নিজ উপজেলার উজানি মাদরাসায় মরহুম ক্বারী ইব্রাহীম (র.)-এর কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেন। এ সময় শত শত নেতাকর্মী তাকে স্বাগত জানান।

সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী বলেন, কচুয়াবাসীর কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে মনোনয়ন পেয়েছেন ড. জালাল উদ্দিন। তিনি মতলবে পৌঁছালে নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ। তিনি বুধবার (৫ নভেম্বর) দুপুরে বাবার কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। মনোনয়ন ঘোষণার আগ থেকেই তিনি নেতাকর্মীদের সাধারণ মানুষের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আসছেন।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ। তিনি দুপুরে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় এসে বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য দেন। তার আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। হারুনুর রশিদও ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী মমিনুল হক। তিনি বর্তমানে দেশের বাইরে আছেন, তবে তার মনোনয়ন ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই অনুসারী নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়।

এদিকে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলাটির পাঁচ আসনেই কয়েক মাস আগে প্রার্থী ঘোষণা করেছে। ওই দুই দলের প্রার্থীরা ইতোমধ্যে মাঠপর্যায়ে গণসংযোগ অব্যাহত রেখেছেন। তবে বিএনপির প্রার্থী ঘোষণার পর পুরো চাঁদপুরজুড়ে এখন নতুন করে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন