ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ইরান-ইসরায়েল পূর্ণ যুদ্ধবিরতি কার্যকরে ট্রাম্পের শর্ত

চা
জুন ২৪, ২০২৫ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দেয়। তবে পাল্টা আক্রমণে না গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা দেন। তার দাবি, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত এবং তা কার্যকর হয়েছে।

 

 

 

সোমবার (২৩ জুন) ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট দেন। তাতে তিনি উল্লেখ করেন, যুদ্ধবিরতি আনুমানিক ছয় ঘণ্টার মধ্যে কার্যকর হবে।

 

 

ছয় ঘণ্টার এই সময়কাল ইসরায়েলে সকাল ৭টায় এবং তেহরানে সকাল ৭টা ৩০মিনিটে শেষ হয়। এরপরই ট্রাম্প পোস্ট করে জানান, যুদ্ধবিরতি এখন কার্যকর। দয়া করে এটি লঙ্ঘন করবেন না।

 

ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় ৪টায় ইরান প্রথমে যুদ্ধবিরতি শুরু করবে। ইসরায়েল ১২ ঘণ্টা পরে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (গ্রিনিচ মান ১৬টা) যুদ্ধবিরতি শুরু করবে।

 

 

ইসরায়েলকে ১২ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি মেনে চলতে হবে। যার ফলে ২৪ ঘণ্টা অতিক্রমের পর যুদ্ধবিরতি সম্পূর্ণ কার্যকর বলে বিবেচিত হবে।

 

 

ট্রাম্প বলেন, এই সময়সীমা ইসরায়েল ও ইরানের মধ্যে ‘১২ দিনের যুদ্ধ’-এর আনুষ্ঠানিক সমাপ্তি চিহ্নিত করবে।

 

 

তবে ইসরায়েল ও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়নি। এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যদি সব পক্ষই তা মেনে চলে, তাহলে তা বহাল থাকবে।

 

 

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, ইসরায়েল যদি ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালাব না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।