ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

‘রাজপথে থেকেই ফ্যাসিবাদ বিতাড়িত করেছি, দেশ ছেড়ে পালাইনি’ — বিল্লাল হোসেন মিয়া

Chandpur Tribune
নভেম্বর ২৭, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

দেশের গঠনমূলক কাজে ব্যস্ত থাকার কথা থাকলেও পরিস্থিতির কারণে এখন রাজপথে থাকতে হচ্ছে বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

তিনি বলেন, রাজপথে থেকেই ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। এই আন্দোলনে জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাইনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমিন চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারের উদ্দেশে বিল্লাল হোসেন মিয়াজী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদ আবারও উঁকি দিচ্ছে। ফ্যাসিবাদের মামার বাড়ি আছে, আপনারা কোন মামার বাড়ি যাবেন? এখনও সময় আছে, জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং জনরায় মেনে নিন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান খানের পরিচালনায় আরও বক্তব্য দেন জেলা যুব বিভাগের সভাপতি মো. শাহ আলম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মুহাম্মদ হাসান, সদর উপজেলা জামায়াতের আমির আফসার উদ্দিন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা আমির মো. ইউনুছ হেলাল ও হাজীগঞ্জ উপজেলা আমির মাওলানা আবুল হাসানাত।

বক্তারা বলেন, পালিয়ে যাওয়া কোনো সরকারের ফিরে আসার ইতিহাস নেই। ফিরে আসতে চাইলে ফাঁসির রায় মেনে নিয়েই আসতে হবে। জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে আওয়ামী লীগ নিজেদের সন্ত্রাসী দল হিসেবে প্রমাণ করেছে। এ দেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন তাঁরা।

সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্রধান, শহর ছাত্রশিবিরের সভাপতি জাহিদুর রহমান, শহর জামায়াতের সেক্রেটারি শেখ বেলায়েত হোসেন, হাইমচর উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির ওমর ফারুক এবং পৌর আমির মো. জসিম উদ্দিনসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাইতুল আমিন চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিশন রোডের শাহী জামে মসজিদের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।