ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন

Chandpur Tribune
নভেম্বর ১৯, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি এবং দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর পরিত্যক্ত বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

বুধবার রাত ৯টার দিকে শহরের নতুন বাজারের কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেওয়া হয়। পরে ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শী ও ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা অ্যাডভোকেট গাজী দুলাল জানান, কে বা কারা দীপু মনির তালাবদ্ধ ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন দেয়। চিৎকার শুনে নিচে নেমে দেখি পরিত্যক্ত বাসায় আগুন জ্বলছে। এতে ভবনের ওপর ও নিচতলার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

তিনি বলেন, এ ঘটনায় নতুন করে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ওই বাসায় আগুন দেওয়ার ঘটনায় ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছিল। অবশিষ্ট পোড়া জিনিসপত্রেই দুর্বৃত্তরা আবার আগুন দেয়।

জানতে চাইলে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, এ বিষয়ে আমরা কোনো সংবাদ পাইনি।

এদিকে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার ফরক্কাবাদ গ্রামে সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী বালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য দীপু বলেন, ৪০-৫০টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে সুজিত রায় নন্দীর গ্রামের দোতলা বাড়িতে আগুন দেয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে পুরো বাড়ি পুড়ে যায়। রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়।

ওসি ফয়েজ আহমেদ বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।