দৌড়ের মাধ্যমে শরীরচর্চায় আগ্রহ বাড়ানো এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের হাজীগঞ্জে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সিজন-১ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় উৎসবমুখর পরিবেশে এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নিবন্ধিত ও অনিবন্ধিত প্রায় সহস্রাধীক মানুষ ৮ কিলোমিটার দৌড়ে অংশগ্রহণ করে।
এদিন উপজেলা চত্বর থেকে শুরু করে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক হয়ে হাজীগঞ্জ বাজারস্থ চৌরাস্তা মোড়, চৌরাস্তা থেকে হাজীগঞ্জ-কচুয়া-গৌরিপুর সড়ক হয়ে বদরপুর মোড় প্রদক্ষিণ করে টোরাগড় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলে হয়ে পূণরায় উপজেলা চত্বরে গিয়ে (ফিনিশিং লাইন) দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় বয়সভিত্তিক ১৫ থেকে ৩০ বছর ‘এ’ ক্যাটাগরি, ৩১ থেকে ৪০ বছর ‘বি’ ক্যাটাগরি ও ৪১ থেকে ৬০ বছর বয়সিরা ‘সি’ ক্যাটাগরি অংশগ্রহণ করেন। এরমধ্যে চ্যাম্পিয়ন, ১ম রানারআপ ও ২য় রানারআপ’সহ প্রতি ক্যাটাগরিতে ৩ জনকে প্রাইজমানি ও ক্রেস্ট এবং ১৭ জন করে মোট ৫৪ জনকে মেডেল প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবক টিম, মেডিকেল টিম ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের টি-শার্ট প্রদানের পাশাপাশি তাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পুরো ট্র্যাকজুড়ে পর্যাপ্ত পানীয় সরবরাহের ব্যবস্থা ও চিকিৎসাসেবা জন্য নির্ধারিত স্থান রাখা হয় এবং দৌড় শেষে নাস্তা প্রদান করা হয়।
‘সকাল বেলার হাওয়া, সকল রোগের দাওয়া’ প্রবাদ উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, ইলেকট্রনিক্স ডিভাইস’সহ নানা কারণে আমরা আদিকাল থেকে মানব সভ্যতার প্রচলিত অভ্যাস থেকে দূরে সরে এসেছি। যার ফলে আমরা স্বাস্থ্য সচেতন হতে পারছিনা।
সুস্থ জীবনধারা ও স্বাস্থ্যসচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রয়াস উল্লেখ করে তিনি বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে মানুষের মধ্যে নিয়মিত শরীরচর্চা ও সকাল বেলায় দৌড়ের অভ্যাস গড়ে তোলার প্রতি উৎসাহিত করতে উপজেলা ক্রীড়া সংস্থার এ আয়োজন। আশাকরি, সকলের সহযোগিতায় ভবিষ্যতে বৃহৎ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
