ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শাখাওয়াত হোসেন শামীম
অক্টোবর ১০, ২০২৬ ৯:২২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে মহালয়া উপলক্ষে বস্ত্র বিতরণ, পূজামণ্ডপে অনুদান প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য, পারস্পরিক সম্প্রীতি ও উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে আয়োজিত এ অনুষ্ঠানে পৌরসভার ১২টি পূজামণ্ডপের প্রতিনিধিরা অংশ নেন।

শনিবার (১০ অক্টোবর) হাজীগঞ্জের আনন্দ প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. নরেশ রায়। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল সাহা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার সাহা, সহ-সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ শীল ও লক্ষ্মীকান্ত দাস,কোষাধ্যক্ষ সহদেব চক্রবর্তী, সহ-কোষাধ্যক্ষ সুমন সাহা, দপ্তর সম্পাদক দীপক সাহা, সহ-প্রচার সম্পাদক বিজয় সরকার,গণসংযোগ সম্পাদক দীপক রায় ও সাংস্কৃতিক সম্পাদক মিলি সাহাসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হাসান মিয়াজী। এ ছাড়া হাজীগঞ্জ পৌরসভার ১২টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পৌরসভার প্রতিটি পূজামণ্ডপের জন্য অনুদান প্রদান করা হয়। পাশাপাশি বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। আয়োজকদের এ উদ্যোগকে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।

মহালয়ার তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে নাটক ও সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করা হয়। এসব পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি করে। ধর্মীয় আবহ ও সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে অতিথি, নেতৃবৃন্দ ও ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে এবং আসন্ন শারদীয় দুর্গাপূজার আনন্দকে সবার মধ্যে ছড়িয়ে দেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।