মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের স্বার্থরক্ষা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব ইসমাইল জবিউল্লাহর মালয়েশিয়া আগমন উপলক্ষে এ সভার আয়োজন করে মালয়েশিয়া বিএনপি।
মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান বাদল খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার এবং হাইকমিশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ, মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশী অধ্যাপকবৃন্দ, শীর্ষস্থানীয় প্রবাসী ব্যবসায়ী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা প্রবাসী বাংলাদেশীদের নানা সমস্যা, রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, পাসপোর্ট ও আইনি সুবিধা জোরদারসহ সার্বিক কল্যাণে সরকারের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ইসমাইল জবিউল্লাহ প্রবাসীদের সকল যুক্তিসঙ্গত দাবি ও সমস্যার সমাধানে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
উক্ত সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশী ও দলীয় নেতাকর্মীরা মালয়েশিয়ায় বাংলাদেশী কমিউনিটির মেলবন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
