বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক হালাল বাণিজ্য প্রদর্শনী Malaysia International Halal Showcase (MIHAS) – এর ২২ তম আসরে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর উদ্যোগে এবং বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এর ব্যবস্থাপনায় বাংলাদেশের ৬ টি বাণিজ্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। “Shaping Trust, Driving Resilience” (আস্থা গঠন, স্থিতিস্থাপকতা চালনা) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ বিশ্বের ৫৮টি দেশের ১,৭০০টি বৈশ্বিক কোম্পানি প্রতিষ্ঠান অংশ নিয়ে প্রায় ২ হাজার বুথে হালাল খাদ্যপণ্য থেকে শুরু করে ওষুধ, প্রসাধনী, ফ্যাশন, লজিস্টিকস, ইসলামিক ফাইন্যান্স, প্রযুক্তি ও পর্যটনসহ ১৪টি খাতের পণ্য ও সেবা প্রদর্শন করছে।
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার জনাব মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ প্যাভিলিয়ন ও বিভিন্ন বাংলাদেশি প্রতিষ্ঠানের স্টল আজ পরিদর্শন করেছেন। এ সময় Malaysia External Trade Development Corporation (MATRADE)-এর Deputy Chief Executive Officer (Export Acceleration) Mr. Jai Shanker উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তারা অংশগ্রহণকারী কোম্পানির প্রতিনিধিদের সাথে সঙ্গে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মালয়েশিয়া ও বৃহত্তর ASEAN অঞ্চলে বাংলাদেশের পণ্য রপ্তানি, নতুন বাজার সৃষ্টি, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং হালাল সনদ বিষয়ে নিয়ে আলোচনা করেন।
হাইকমিশনার এবং Mr. Jai Shanker উভয়েই বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এবং MIHAS-এ বাংলাদেশের অংশগ্রহণ, বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সম্ভাবনা তুলে ধরেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের পাশাপাশি রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের বুথে বাংলাদেশের উল্লেখযোগ্য রপ্তানিযোগ্য পণ্য, ব্রশিওর, প্রকাশনা এবং প্রচারণামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হচ্ছে।
২৩–২৬ সেপ্টেম্বর ২০২৬ ৪ দিনব্যাপি আয়োজিত এই মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নে Apex Convenience Foods Limited, Biopharma Limited, Ghorerbazar, Nourish Foods Limited, Paragon Group এবং Talukder Agro Food & Beverage তাদের খাদ্য ও পানীয়, রেডি টু ইট পন্য, হিমায়িত খাদ্যপণ্য, মসলা, সুগন্ধীচাল, মধু, চা, কৃষি ও কৃষিজাত পণ্য, ঔষধপণ্য এবং ভোক্তা পণ্যসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতের পণ্য আন্তর্জাতিক ক্রেতা, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সামনে তুলে ধরছে। এছাড়াও মেলায় B2B meetings, business networking এবং business matchmaking-এর মাধ্যমে নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদার খোঁজার সুযোগ তৈরি হচ্ছে।
পরবর্তীতে হাইকমিশনার পৃথকভাবে মেলায় অংশগ্রহণকার বাংলাদেশী প্রতিষ্ঠান “প্রাণ এবং এগ্রোভার্স লিমিটিডে (মৈত্রী)” এর বুথসমূহ পরিদর্শন করেন এবং মালয়েশিয়ার বাজারে তাদের উল্লেখযোগ্য অবস্থানের প্রশংসা করেন।
মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস মেলায় বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ দেশীয় হালাল পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনাকে সামনে এনেছে।
বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতা, আমদানিকারক, পরিবেশক ও ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের তৈরি হালাল পণ্যসামগ্রী পরিচিতির মাধ্যমে নতুন বাজারে প্রবেশ, ব্যবসায়িক অংশীদার তৈরী এবং রপ্তানি সম্প্রসারণের সুযোগ তৈরী হবে বলে আশা করা যায়।
