ঢাকাশুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই লঞ্চের ভয়াবহ সংঘর্ষ নিহত ৭

স্টাফ রিপোর্টার:
ডিসেম্বর ২৬, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

শীতের ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে গভীর রাতে দুটি যাত্রীবাহী লঞ্চের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৭ জন যাত্রী নিহত এবং অন্তত শতাধিক যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার পর, চাঁদপুরের হাইমচর উপজেলার হামিদচর এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বরাতে জানা গেছে, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাতের আঁধার ও ঘন কুয়াশার মধ্যে হাইমচর এলাকা অতিক্রম করছিল। এ সময় দিক নির্ণয়ে ব্যর্থ হয়ে ঢাকা থেকে বিএনপির সম্মেলনের যাত্রী নিয়ে বরিশালগামী এম.ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি সজোরে ধাক্কা দেয় জাকির সম্রাট-৩ লঞ্চটিকে।

যাত্রীরা অভিযোগ করেন, ঘন কুয়াশা থাকা সত্ত্বেও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি বেপরোয়া গতিতে চলছিল। সংঘর্ষের ফলে জাকির সম্রাট-৩ লঞ্চে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। তবে দুর্ঘটনার পরপরই অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঘটনাস্থল ত্যাগ করে চলে যায় বলে অভিযোগ উঠেছে।

সংঘর্ষের পর জাকির সম্রাট-৩ লঞ্চটি মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসতে থাকে। এমন অবস্থায় ভোলা থেকে ঢাকাগামী আরেকটি লঞ্চ এম.ভি কর্ণফুলী-৯ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়।

অন্যদিকে, নিহতদের মরদেহ ও গুরুতর আহত যাত্রীদের নিয়ে ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট-৩ লঞ্চটি চিকিৎসার জন্য চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

ঘটনার পর নৌপথে নিরাপত্তা ব্যবস্থা ও লঞ্চ চলাচলে নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।