চাঁদপুরে মায়ের হাত ধরে মক্তবে যাওয়ার পথে বাসচাপায় মাহফুজ হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাস মহামায়া পশ্চিম বাজার এলাকায় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
মাহফুজ জামিউলতুল ইসলামীয়া সামছুল উলুম মহামায়া মাদরাসার শিক্ষক মাঈনুল হকের ছেলে এবং একই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ও বাজারের লোকজন প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
শিশুর মা জয়নব বেগম জানান, তিনি ছেলেকে নিয়ে মক্তবে যাচ্ছিলেন। হঠাৎ মাহফুজ হাত ছেড়ে দৌড়ে রাস্তা পার হতে গেলে কক্সবাজারগামী বাসটি এসে তাকে চাপা দেয়।
চাঁদপুর সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ জানান, শিশুটির পরিবার আইনগত সহযোগিতা চাইলে আমরা তাদের সহযোগিতা করব।
