ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মাইকিং করে ছোট ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা বৃদ্ধের

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ৭, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

এলাকাজুড়ে মাইকিং করে নিজ ভাইয়ের সঙ্গে মারামারির ঘোষণা দিয়েছেন এক বৃদ্ধ। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) পলাশবাড়ী উপজেলার বৈরীহরিণমারী গ্রামে ঘটেছে অদ্ভুত এই ঘটনা।

স্থানীয়দের বরাতে জানা গেছে, কদ্দুস মিয়া নামের ওই বৃদ্ধ বৃহস্পতিবার দুপুরে রিকশায় মাইক বাজিয়ে গ্রামজুড়ে ঘোষণা দেন, শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজের পর তিনি তার ছোট ভাই হাবিজারের সঙ্গে মারামারি করবেন। সবাইকে জানানোর জন্য তিনি এ অদ্ভুত পদ্ধতি বেছে নেন।

ঘোষণাটি দিতে গিয়ে কদ্দুস মিয়া বলেন, নিজেদের পানের বরজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছে। তাই এবার তিনি মুখোমুখি লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে তার এমন ঘোষণা শুনে গ্রামজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাটির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

 

স্থানীয়রা বলছেন, দুই ভাইয়ের জমি নিয়ে ঝামেলা নতুন নয়। তবে মাইক বাজিয়ে মারামারির ঘোষণা দেওয়ার ঘটনা তারা জীবনে শোনেননি।

গ্রামবাসীর ভাষায়, ঝগড়া হতেই পারে, কিন্তু মাইক ভাড়া করে প্রচার—এটা নতুন ট্রেন্ড।

বিষয়টি পলাশবাড়ী থানা পুলিশের নজরে এলে ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে এনে দুই ভাইয়ের মধ্যে সমঝোতা করে দেওয়া হয়েছে। তিনি নিজের ভুল স্বীকার করেছেন এবং বলেছেন- মাইকিং করে এভাবে ঘোষণা দেওয়া তার উচিত হয়নি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।