চাঁদপুরের কচুয়া উপজেলা রোগী কল্যাণ সমিতির নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এই নির্বাচনে প্রায় ৩২ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে উৎসবের আমেজে ফলাফল ঘোষণা করা হয়। এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পুরো প্রক্রিয়াটি ছিল উৎসবমুখর, শান্তিপূর্ণ এবং সহনশীলতার এক অনন্য দৃষ্টান্ত।
নির্বাচনের দিন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরী, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমসহ অনেকে ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তাঁরা নির্বাচনী পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখার প্রশংসা করেন।
ফলাফল ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুল নাসির। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন—
যুগ্ম সাধারণ সম্পাদক: সাব্বির হোসেন রিয়াদ
সাংগঠনিক সম্পাদক: ওমর ফারুক সায়েম
কোষাধ্যক্ষ: একেএম জাহাঙ্গীর হোসেন
প্রচার সম্পাদক: ইমাম হাসান
সমাজকল্যাণ সম্পাদক: মোহাম্মদ আবু সাঈদ
নির্বাহী সদস্য: মোহাম্মদ ইমাম হোসেন
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিতরা উপজেলা প্রশাসন, সমাজসেবা অফিস এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তাঁরা প্রতিশ্রুতি দেন, “অসহায় ও দরিদ্র রোগীদের পাশে থেকে সেবা ও মানবকল্যাণে কাজ করব।”
স্থানীয় জনগণ জানান, রোগী কল্যাণ সমিতির এমন শান্তিপূর্ণ নির্বাচন কচুয়ায় এক অনন্য উদাহরণ হিসেবে থাকবে।
