ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা, গুরুতর আহত যুবক বাধন

হাজীগঞ্জ প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৫ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে প্রতাপপুরের একতা বাজারে মোবাইল চুরিকে কেন্দ্র করে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলায় বাধন (২১) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় বাধনের মা সুমাইয়া আক্তার মণি শুক্রবার ২৪ অক্টোবর হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি ঘটে (১৭ অক্টোবর) শুক্রবার সন্ধ্যার পর উপজেলার ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়নের প্রতাপপুরের একতা বাজারে,বর্তমানে আহত বাধন হোসেন (২১) ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। তার কিডনিতে মারাত্মক আঘাত ধরা পড়েছে এবং শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার পটভূমি ছিল স্থানীয় মোবাইল চুরি।

একই এলাকার মজুমদার বাড়ীর আমর আলীর ছেলে জামাল (৩০) এর ভাই কামালের একতা বাজারের দোকান থেকে কিছুদিন পূর্বে মোবাইল চুরি হয়। বাধনের বন্ধু সামির সঙ্গে মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে বাধনের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়।

ঘটনার দিন,শুক্রবার ১৭ অক্টোবর সন্ধ্যার পর, বাধন জামালের ভাই কামালের দোকানে গিয়ে তার বন্ধুর চুরি হওয়া মোবাইলের খোঁজ নেন। এ সময় জামাল ও তার সহযোগীরা তাকে হুমকি দেন,মারধর করে পঙ্গু করে ফেলার চেষ্টা করা হবে বলে ভয় দেখায়। আতঙ্কিত বাধন তার বন্ধুদের সঙ্গে বাড়ীর পশ্চিম পাশে প্রতাপপুর কালভার্টে চলে আসে।

রাত আনুমানিক সাড়ে ১০টায় জামাল,হাবীব (৩৩),সবুজ (২২),বরকত উল্ল্যা (১৮),শামছুদ্দীন (৪০) প্রমুখসহ আনুমানিক ২৫–৩০ জন সংঘবদ্ধ হয়ে এসএস পাইপ,লাঠি ও সোটা নিয়ে বাধনকে এলোপাতাড়ি মারধর করতে শুরু করে। আঘাত সহ্য করতে না পেরে বাধন খালে ঝাঁপ দেন। হামলাকারীদের মধ্যে কয়েকজন তার পিছু নিয়ে সাঁতরে তার বাড়ীর উঠোনে চলে আসে এবং আরও মারধর করে। বাধনের মা সুমাইয়া আক্তার ছেলেকে রক্ষার চেষ্টা করলেও হামলাকারীরা তাকে মারধর করে এবং বাড়ির অন্যান্য লোকদের প্রাণনাশের হুমকি দেয়।

গুরুতর আহত অবস্থায় বাধনকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা মুমূর্ষু হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করার চেষ্টা করা হয়। পরে হাজীগঞ্জ ভিআইপি হাসপাতাল ও ঢাকার কিডনি হাসপাতালের ব্যবস্থা না থাকায় তাকে পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান,বাধনের কিডনিতে মারাত্মক আঘাতের আলামত ধরা পড়েছে,কিডনির রক্তপরিমাণের পয়েন্ট ওঠা-নামা করছে এবং শারীরিক অবস্থা নাজুক।

ঘটনার পর শুক্রবার ২৪ অক্টোবর বাধনের মা সুমাইয়া আক্তার মণি হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন,আমার ছেলে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার কিডনি মারাত্মকভাবে আহত। আমি চাই অপরাধীরা কঠোর শাস্তি পায়। তারা আমাকে ও আমাদের পরিবারকে হুমকি দিচ্ছে।”

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন,“ঘটনাটি দুঃখজনক এবং রহস্যঘন। একাধিক স্থানে আক্রমণ করা হয়েছে। আমরা পুরো ঘটনা খতিয়ে দেখছি এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব।

স্থানীয় ইউপি সদস্য আশেক আলীও ভিকটিম পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের সঠিক চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ও গাঁজা ব্যবসায় জড়িত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।