ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

১৯ বাইকে ৩৮ বন্ধুর কক্সবাজার ভ্রমণ, বাড়ি ফিরলেন ৩৬ জন

চাঁদপুর ট্রিবিউন
অক্টোবর ২১, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার নবাবগঞ্জ, দোহার ও মুন্সীগঞ্জের সিরাজদিখানের ৩৮ বন্ধু মিলে কক্সবাজার ভ্রমণ করেন। তাও আবার ১৯টি মোটরসাইকেলে। গত ১৬ অক্টোবর তারা রওনা করেন। ২০ অক্টোবর তারা বাড়ি ফিরছিলেন।

এ দু:সাহসিক ভ্রমণ শেষে সবাই বাড়ি ফিরছিলেন। ফেরেননি সামিউল ইসলাম (২১) ও ইমন ভূঁইয়া (২২) নামে দুই বন্ধু। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বন্ধু ইমনকে সিরাজদিখানের বাড়িতে পৌঁছে দেওয়ার সময় ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুর উপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত সামিউল ইসলাম ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ভৈরাহটি গ্রামের প্রবাসী মো. লিয়াকত শেখের একমাত্র ছেলে। নিহত ইমন ভূঁইয়া সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের সেন্টু ভূঁইয়ার ছেলে।

নিহত সামিউলের দাদা শেখ আব্দুল বারেক জানান, গত ১৬ অক্টোবর মোটরসাইকেলে বন্ধুদের সঙ্গে কক্সবাজার বেড়াতে যায়। এ বেড়াতে যাওয়ায় পরিবারের সম্মতি ছিল না। বেড়ানো শেষে সোমবার (২০ অক্টোবর) বাড়ি ফিরছিল। সঙ্গে থাকা বন্ধু ইমনকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল। ধলেশ্বরী সেতুর উপর এলে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে পড়ে যায়। তারা দুজন ঘটনাস্থলেই মারা যায়।

তিনি আরও জানান, নিহত সামিউল এ বছর সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আবু নাঈম সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।