চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্যকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
আটকরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার চরপাড়া গ্রামের মো. শাওন (১৬), একই উপজেলার পশ্চিম গাবদের গাঁও এলাকার মো. রায়হান (১৮), চরপোয়া গ্রামের শামিম (১৭), সদর উপজেলার ঘোষেরহাট এলাকার রাহাত খান (১৬), চাঁনখার বাজার এলাকার সৈকত খান (১৮), মধ্য গুনরাজদি এলাকার মো. হামিম (১৭) ও শহরের মিশন রোড এলাকার তাসদি তোহা অহি (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে শহরের নতুন বাজার, কুমিল্লা রোড ও স্বর্ণখোলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ওসি মো. বাহার মিয়া বলেন, ‘থানা এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স। আপনারা যার যার অবস্থান থেকে কিশোর গ্যাং নির্মূলে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
