ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচার পেটে ভাতিজার ছুরিকাঘাত

চাঁদপুর ট্রিবিউন
অক্টোবর ১৪, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাচার পেটে ছুরিকাঘাত করেছে ভাতিজা শুক্কর আলী। এ ঘটনায় উভয় পক্ষের আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার ফতেবাপুর গ্রামের আইয়ুব আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
ছুরিকাঘাতে আহত ফয়েজ মিয়া (৩০) ওই গ্রামের আবু হানিফের ছেলে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
অন্য আহতরা হলেন, আব্দুস সাত্তার, আব্দুল মান্নান, আব্দুল হান্নান ও শুক্কর আলী।
জানা যায়, দীর্ঘদিন ধরে শুক্কর আলী ও তার বাবা বিল্লাল হোসেন অন্য পাঁচ ভাইয়ের পৈতৃক ১০ শতাংশ জমি দখল করে রাখেন। এ নিয়ে ফয়েজ মিয়া গং ও তার ভাতিজা শুক্কুর আলীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। ঘটনার দিন সকালে ওই জমিতে ঘর তুলতে গেলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ভাতিজা শুক্কুর আলী ক্ষিপ্ত হয়ে চাচা ফয়েজ মিয়াকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় আরও পাঁচজন আহত হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. হারিছ বেপারী বলেন, চাচা-ভাতিজার মধ্যে জমি নিয়ে বিরোধ অনেকদিন ধরেই চলছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে শুনেছি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।