ঢাকামঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৪৫ জেলে আটক, কারেন্ট জাল জব্দ

চাঁদপুর ট্রিবিউন
অক্টোবর ১৪, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনায় মা ইলিশ শিকারের দায়ে টাস্কফোর্স ৪৫ জেলেকে আটক করেছে। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ।

তিনি বলেন, সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে সদর উপজেলা এবং শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ, নড়িয়া ও জাজিরার পদ্মা ও মেঘনা নদীতে একটি বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। অভিযানে অংশ নেন সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নরসিংহপুর, সুরেশ্বর ও মাঝিরঘাট নৌ ফাঁড়ির ইনচার্জগণ এবং শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি।

অভিযানকালে ৪৫ জন জেলেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৯ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

 

 

এসময় ১৫টি নৌকা ও  প্রায় ১ কোটি ৫০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

অভিযান শেষে চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, সরকার ঘোষিত মা ইলিশ রক্ষা অভিযান সফলভাবে বাস্তবায়নে নৌ পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

নিষিদ্ধ সময়ে যারা ইলিশ আহরণ করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

জেলা প্রশাসন, নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।