ফরিদগঞ্জে সুদের টাকার জন্য শাহনাজ বেগম (৩৫) নামের এক গৃহবধুকে শরীরে কেরোসিন তেল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ ভোক্তভোগীর পরিবারের।
শুক্রবার রাতে ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা দক্ষিণ ইউনিয়নের উপাদি গাছি বাড়িতে এ ঘটনাটি ঘটে।
অগ্নিদগ্ধ শাহনাজ বেগম ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা দক্ষিণ ইউনিয়নের উপাদি গাছি বাড়ির মোঃ আমিন হোসেনের স্ত্রী।
অগ্নিদগ্ধ শাহনাজ বেগম জানায়, তিনি পাশের উকিল বাড়ির ফয়েজের স্ত্রী নাছিমার কাছ থেকে সুদে টাকা আনেন স্বামীর ব্যবসার জন্য। তখন তিনি খালি স্ট্যাম্প দেন। সুদের টাকা পরিশোধ করার পরও নাছিমা বেগম শাহনাজের কাছে সুদে আরও ৩০ হাজার টাকা দাবী করেন। সেই টাকার জন্য নাছিমা, তার স্বামী ফয়েজ ও ভাড়াটে লোক দিয়ে বেশ কয়েকবার শাহনাজকে মারধর করে। তারা শাহনাজ বেগমকে গলায় রশি বেঁধে হত্যার চেষ্টাও করে ছিল। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮ টায় নাছিমা বেগম, ফয়েজ ও তাদের লোকজন গাছি বাড়িতে এসে শাহনাজের শরীরে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। শাহনাজের চিৎকারে বাড়ির আশপাশের লোকজন ছুটে আসলে নাছিমা বেগম, তার স্বামী ফয়েজ ও তাদের লোকজন পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় রাত ১১টায় শাহনাজ বেগম কে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের র্বান ইউনিটে প্রেরণ করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনিসুর রহমান জানান, রোগীর মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের র্বান ইউনিটে প্রেরণ করা হয়েছে।
