ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে জীবিত নবজাতক দাফনের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য

চাঁদপুর ট্রিবিউন
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে জীবিত নবজাতক দাফনের ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ‘দি ইউনাইটেড হাসপাতালের’ এক কর্মচারী, এক নার্স ও নবজাতকের গর্ভধারী কিশোরীর মাকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি পৌরসভার সুয়াপাড়া এলাকার ১৫–১৬ বছরের এক কিশোরী ভগ্নিপতি মুন্না ও মুন্নার ভাই সাব্বিরের লালসার শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়। বিষয়টি ধামাচাপা দিতে পরিবার গোপন রাখে। পরে কিশোরীকে গর্ভপাত করাতে চাঁদপুর শহরের ‘দি ইউনাইটেড হাসপাতালে’ নেওয়া হয়। সেখানে জোরপূর্বক গর্ভপাত করানোর পর নবজাতককে মৃত ঘোষণা করা হয়।

গত ১৪ সেপ্টেম্বর নবজাতককে চাঁদপুর পৌর কবরস্থানে দাফনের জন্য পাঠানো হলে কবর খননকারী শাহাজাহান শিশুটিকে জীবিত অবস্থায় দেখতে পান। সঙ্গে থাকা সাংবাদিক মুসাদ্দেক আল আকিব ও আশিক বিন রহিম তাৎক্ষণিকভাবে নবজাতককে উদ্ধার করে চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হসপিটালে ভর্তি করান। তবে আট ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর শিশুটি মারা যায়।

ঘটনার পর কবরস্থান এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গোয়েন্দা পুলিশ হাসপাতালের ওয়ার্ডবয় ফারুক হোসেন গাজীকে গ্রেফতার করে। তার জবানবন্দিতে ঘটনার নেপথ্য কাহিনি বেরিয়ে আসে। পরে পুলিশ হাসপাতালের এক নার্স ও নবজাতকের মাকেও আটক করে।

এ ঘটনায় কবর খননকারী শাহাজাহান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

চাঞ্চল্যকর এ ঘটনার পর আদালতের পরামর্শে জেলা স্বাস্থ্য বিভাগ চাঁদপুর শহরের ‘দি ইউনাইটেড হাসপাতাল’ সিলগালা করে দেয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের মানবিক প্রচেষ্টা ব্যাপক প্রশংসিত হয়েছে। একইসঙ্গে শাহরাস্তির ওই কিশোরীর জীবনাবসান ও তার ওপর ঘটে যাওয়া অমানবিকতার ঘটনায় জনমনে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।