বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আয়োজিত ‘তারুণ্যের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫’-এ কিশোরগঞ্জ জেলা ফুটবল দলের সঙ্গে ড্র করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে চাঁদপুর জেলা ফুটবল দল। রোববার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোহাম্মদ মোহসীন উদ্দীন টুর্নামেন্টের উদ্বোধন করেন। বৃষ্টির কারণে মাঠ কর্দমাক্ত থাকলেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে দুই দল। প্রথমার্ধে বেশ কয়েকটি সহজ সুযোগ পেলেও কোনো দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধেও খেলার ধারায় কোনো পরিবর্তন আসেনি। স্বাগতিক চাঁদপুর জেলা দল গোলের সহজ সুযোগ নষ্ট করে। অন্যদিকে কিশোরগঞ্জও বেশ কয়েকটি পাল্টা আক্রমণ চালালেও গোল পায়নি। শেষ পর্যন্ত গোলশূন্যভাবেই ম্যাচটি শেষ হয়। এই ড্রয়ের ফলে চাঁদপুর জেলা দল গ্রুপ পর্ব পেরিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হান্নান রনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী ও দেওয়ান মো. শাহজাহান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জহির উদ্দিন বাবর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মেহেদী হাসান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার এবং সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান খানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও ক্রীড়া ব্যক্তিত্বরা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।