ঢাকাশুক্রবার , ১১ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সব রেকর্ড ছাড়িয়েছে চাঁদপুরের ইলিশের দাম

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১১, ২০২৪ ৪:১০ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে ইলিশের দাম নতুন একটি রেকর্ড ছাড়িয়েছে। আগামী দুই দিনের মধ্যে চাঁদপুরের নৌ সীমানায় মা ইলিশ রক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে, যেখানে ইলিশ ধরা, মজুত এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এই অবস্থায়, চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম অতীতের সব রেকর্ডকে অতিক্রম করেছে।

১০ অক্টোবর বৃহস্পতিবার ইলিশের দাম কেজিতে ৫০০ থেকে ৬০০ টাকা বেড়ে গেছে, যা চাঁদপুরের ইতিহাসে প্রথমবারের মতো এমন হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও ক্রেতারা।

ইলিশের ভরা মৌসুমে, চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ কমেছে। এক সপ্তাহ আগে এখানে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ সরবরাহ হলেও বর্তমানে তা ১০০ মণের কম হয়ে গেছে, ফলে দাম এক লাফে বেড়ে গেছে।

বর্তমানে, ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৮০০ থেকে ২০০০ টাকা। এছাড়া, ১ কেজির বেশি ওজনের ইলিশের দাম ২৭০০ থেকে ২৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট সাইজের ইলিশ কেজিপ্রতি ৫০০-৬০০ টাকার পরিবর্তে এখন ১২-১৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

নিষেধাজ্ঞার আগে ইলিশের দাম শুনে ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, জেলেরা নিষেধাজ্ঞার আগেই জাল ও নৌকা নিয়ে তীরে ফিরছেন, ফলে ইলিশের সরবরাহ নাটকীয়ভাবে কমেছে।

ইলিশ ক্রেতা আরমান গাজী বলেন, ‘চাঁদপুরে এমন দামে ইলিশ আগে কখনো দেখিনি। এত দামে কিনতে পারছি না।‘

ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন জানান, ‘সরবরাহ কমেছে, চাহিদা অনুযায়ী ইলিশ নেই, তাই দাম বেড়ে গেছে। এমন পরিস্থিতি আগে হয়নি।‘

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারি জমাদার মানিক বলেন, “১৩ অক্টোবর থেকে মাছঘাটে সব ধরনের মাছ বিক্রি নিষিদ্ধ। ইলিশের সরবরাহ কমে যাওয়ায় দাম রেকর্ড হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।