ঢাকাবুধবার , ২৫ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে মেয়ের জন্য পাত্র দেখে ফেরার পথে প্রাণ গেল বাবার

চাঁদপুর ট্রিবিউন
জুন ২৫, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

মেয়ের জন্য পাত্র দেখে বাড়ি ফেরার পথে চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার ফরিদগঞ্জ-রায়পুর সড়কের লাইফ জেনারেল হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার উপজেলা রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের আলী রাজা হাজি বাড়ির (গাইনের বাড়ি) মরহুম আব্দুল লতিফের ছেলে।

জানা গেছে, প্রবাসজীবন শেষে কয়েক বছর আগে দেশে এসে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন দেলোয়ার হোসেন। বিবাহযোগ্য বড় মেয়ের জন্য আজ দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট এলাকায় পাত্রের বাড়িঘর দেখতে যান।

ভাগনে সোহেল হোসেনের মোটরসাইকেলযোগে বিকেলে বাড়ি ফেরার পথে ফরিদগঞ্জ-রায়পুর সড়কের লাইফ জেনারেল হাসপাতাল এলাকায় ট্রাকের ধাক্কায় সড়কে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. ওমর ফারুক মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।