ঢাকাশনিবার , ২৪ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের আজাদ সরকার হত্যা মামলার আসামি মোবারক কাজী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মে ২৪, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকার (৫২) নামে ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আরেক আসামি মোবারক কাজীকে (৬৩) গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৪ মে) দুপুরে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেফতার আসামি মোবারক হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় কাজী বাড়ির মৃত লাল মিয়া কাজীর ছেলে। তিনি ওই মামলার ৬ নম্বর এজহার নামীয় আসামি।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৩ মে) দিনগত রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে চাঁদপুর সদরের বাবুরহাট এলাকা থেকে গ্রেফতার করে। আজ দুপুরে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

এ মামলায় হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলালউদ্দিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাব্বিসহ কয়েকজন কারাগারে রয়েছেন। এছাড়াও আরও কয়েকজন উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গেল বছর ৪ আগস্ট হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় এলাকায় পৌরসভার সামনে নির্মমভাবে কোপানো হয় বিএনপি নেতা ও হাজীগঞ্জ পৌরসভাধীন ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি আহম্মেদ কবির হিমেলের বাবা আজাদ সরকারকে। পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে কুমিল্লা রেফার করা হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।