চুরি যাওয়া সরকারি পিস্তল ও গুলি উদ্ধারে অপরাধীকে ধরতে এবার লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হলো। শনিবার (১০ মে) রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম এই ঘোষণা দেন।
তিনি সাংবাদিকদের জানান, কেউ যদি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখানো ওই দুই যুবক বা তাদের একজনকে ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে তুলে দিতে পারে। তাহলে তাকে নগদ এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
এর আগে গত ৫ মে সকালে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসা থেকে চুরি করে নিয়ে যায় সরকারি পিস্তল এবং তার সঙ্গে ২টি ম্যাগজিনসহ ১৬ রাউন্ড গুলি। ঘটনার সময় ওই পুলিশ কর্মকর্তা তার বাসায় ছিলেন না। পুলিশের উপ-পরিদর্শক রাকিব উদ্দিন ভূঁইয়া দাবি করেন, তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢুকে চোরের দল। এসময় বাসায় একটি ব্রিফকেসে রক্ষিত সরকারি পিস্তল ও গুলির দুটি ম্যাগজিন এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যায় চোরের দল।
অন্যদিকে, পুলিশ এরইমধ্যে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। তাতে দেখা যায়, অপরিচিত দুই যুবক বাজারের দিক থেকে থানা গেট পেরিয়ে কয়েক গজ উত্তরে চারতলার বাসায় প্রবেশ করেছে। পরে কয়েক মিনিটের মাথায় তারা দ্রুত পায়ে আবার একই সড়ক ধরে বাজারে দিকে চলে যায়।
চাঞ্চল্যকর এই ঘটনার পর পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা নড়েচড়ে বসে। সংগ্রহ করা ওই দুই যুবকের ছবি সারা দেশের থানাগুলোতে পাঠিয়ে দেওয়া হয়। তবে ঘটনার ৬ দিন পার হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে ওই দুই যুবক।
এমন পরিস্থিতিতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, সন্দেহভাজন যুবকদের ধরিয়ে দেওয়ার জন্য লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।
এ জন্য সন্ধানদাতাকে তার সরকারি মোবাইল ফোন ০১৩২০১১৬১২৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানান।
