ঢাকাবৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে তরমুজ খাওয়ার পর দুই বছরের শিশুর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৪, ২০২৫ ৬:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

স্থানীয় একটি বাজার থেকে কেনা হয় মৌসুমি ফল তরমুজ। ওই তরমুজটি পরিবারের অনেকেই খেয়েছেন কারো কিছু হয়নি। একই তরমুজ খেয়ে আহাদ শেখ নামে ২ বছর ৩ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মো. জসিম উদ্দিন শেখ ও মায়া বেগম দম্পতির ছেলে।

 

খবর পেয়ে বুধবার দুপুরে সরেজমিন গেলে শিশুটির চাচা মো. টেলু ও চাচি জেসমিন বেগম বলেন, আমাদের পাশের এলাকা রূপসা বাজার থেকে তরমুজ কেনা হয়েছে। সেই তরমুজ আমরা পরিবারের ৪ জন খেয়েছি। রাতে আমার ভাতিজা আহাদ শেখও তরমুজ খেয়েছে। খাওয়ার প্রায় আধঘণ্টা পর সে খেলাধুলাও করেছে। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

শিশুটির বাবা জসিম শেখ বলেন, আমার ভাইয়ের কেনা ওই তরমুজটি আমিও খেয়েছি, কী থেকে কী হয়ে গেল, আমাদের কারো কিছু হইনি। তরমুজ খাওয়ার পর কিন্তু আমার ছেলেটা মারা গেল।

 

শিশুর মা মায়া বেগম বলেন, তরমুজটি আমি খাইনি। আমার ছেলে তরমুজ খেয়ে মারা গেল- এই বলে তিনি সন্তানের শোকে হাউমাউ করে কেঁদে উঠেন।

 

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান জুয়েল বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে আমরা পুলিশকে অবগত করি।

 

ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।