কুয়েতে সড়ক দুর্ঘটনায় মো. আলফু মিয়া (৬৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
আলফু মিয়ার বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের নাটেহরা গ্রামে। তিনি ওই গ্রামের হাজী বাড়ির বাসিন্দা। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
জানা গেছে, কুয়েতের স্থানীয় সময় সোমবার বিকালে ৪টার দিকে আলফু মিয়া রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুয়েতে নিহত আলফু মিয়ার মরদেহ হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করার ব্যবস্থা করা হবে এবং আইনি ও প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তাঁর মরদেহ বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছেন নিহতের প্রবাসী স্বজনরা।
নিহতের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. জহির হোসেন বলেন, আলফু মিয়ার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি এবং তারা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় তিনি কুয়েতে অবস্থান করছেন। তার আত্মীয়-স্বজন কুয়েতে আছে। তারা মরদেহে দেশে পাঠানোর ব্যবস্থা করবেন বলে জানতে পেরেছি।
